নিউজ ডেস্ক:
দেশের কয়েকটি অঞ্চলে মৃদু আকারের তাপপ্রবাহ বয়ে গেছে। গত তিনদিন রাজধানীতেও হিট ওয়েভের সাথে ভ্যাপসা গরম অনুভূত হয়েছে। তবে এবার আবহাওয়া সুখবর দিলো আবহাওয়া অফিস, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে জানানো হয়েছে।
রোববার আবহাওয়া অফিসের এক বার্তায় জানানো হয়, টাঙ্গাইল, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা এবং পটুয়াখালী জেলাসহ খুলনা বিভাগের ওপর মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা প্রশমিত হতে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।
সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ-দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার হতে পারে।
সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৬ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ৫টা ৪৬ মিনিটে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেটে ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস।
