হোম ফিচার ঢাবি ও অধিভুক্ত সাত কলেজের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কারের সুপারিশ

শিক্ষা ডেস্ক :

পরীক্ষায় নকল করায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অধিভুক্ত সরকারি সাত কলেজের ৭১ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটি।

বুধবার (২৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় এ সুপারিশ করা হয় বলে জানান কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী।

তিনি বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তাদের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তির সুপারিশ করেছে শৃঙ্খলা কমিটি। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সভায় একইসঙ্গে মাস্টারদা সূর্যসেন হলে শিক্ষার্থীকে নির্যাতনের ঘটনায় উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী সিফাত উল্লাহকে হল থেকে আজীবন ও বিশ্ববিদ্যালয় থেকে পুনরায় আরও এক বছর বহিষ্কারের সুপারিশ করেছে কমিটি।

প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাপরিপন্থী কাজ করায় তাকে এ শাস্তি দেওয়া হয়েছে। এর আগেও সে বহিষ্কার হয়েছিল। এবার তাকে শাস্তির পাশাপাশি সতর্ক করে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সিফাত ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৮ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রোকেয়া গাজী এবং আসাদুজ্জামানকে মারধর করেন সিফাত। এ ঘটনায় সে সময় সিফাতকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ২০২০ সালে বহিষ্কারাদেশের মেয়াদ শেষ হয়। পরে গত বছর ৮ নভেম্বর সূর্যসেন হল ছাত্রলীগের দুই কর্মীকে মারধর করেন সিফাত। পরে এ ধরনের কাজ আর করবেন না বলে ওই দুজনের কাছে ক্ষমা চেয়ে মুচলেকা দেন। এই ঘটনার এক মাসের মাথায় গত ১৩ ডিসেম্বর ছাত্রলীগের অনুষ্ঠানে না যাওয়ায় ফারসি ভাষা ও সংস্কৃত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কাজী পরশ মিয়াকে হলের ৩৫১ নম্বর কক্ষে ডেকে মারধর করেন সিফাত।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন