হোম জাতীয় ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে যা বললেন রেলমন্ত্রী

জাতীয় ডেস্ক :

ডিজেলের দাম বাড়ানোয় বাস-লঞ্চের ভাড়া বেড়েছে। তবে ট্রেনের ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

শনিবার (১৩ নভেম্বর) রাজধানীর কমলাপুর রেল স্টেশনে এক অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. সেলিম রেজা, রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার উপস্থিত ছিলেন।

এদিন মন্ত্রী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের ফুল বিতরণ করে এবং গার্ড ব্রেকে ফ্ল্যাগ সিগন‌্যাল প্রদানের মাধ্যমে ৮ মাস পর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ট্রেনের পুনরায় যাত্রা বিরতি কার্যক্রম চালু করেন।

এসময় রেলের ভাড়া বাড়বে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সুজন বলেন, ট্রেনের ভাড়া বাড়ানোর বিষেয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। এমন যদি হত তেলের দাম বাড়ার কারণে আমরা ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে যাচ্ছি, তাহলে হয়ত ভাড়া বাড়ানোর বিষয়টা চিন্তা করতাম।

রেলমন্ত্রী স্মরণ করিয়ে দেন, জনগণ বা সরকারের ভর্তুকির মাধ্যমেই ট্রেন চলছে। রেলওয়েকে অনেক ভর্তুকি দিতে হয়। ১০ টাকার জায়গায় হয়ত এখন ১২ টাকা ভর্তুকি দেওয়া লাগবে। যে কারণে আমাদের দিক থেকে ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি।

ট্রেনে ঢিল ছোড়া রোধে দেশবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান নুরুল ইসলাম সুজন।

অনুষ্ঠানে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে ১৪টি আন্তঃনগর, ৮টি মেইল ও ৪টি কমিউটার ট্রেনের যাত্রা বিরতি রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন