হোম খেলাধুলা টিভি স্বত্ব থেকে ২১ কোটি ইউরো পাচ্ছে বার্সা

খেলাধূলা ডেস্ক :

আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে আগামী ২৫ বছরের জন্য টিভি স্বত্বের ১০ শতাংশ একটি মার্কিন বিনিয়োগকারী সংস্থার কাছে বিক্রি করছে বার্সেলোনা। যেখান থেকে প্রায় ২১ কোটি ইউরো পাবে কাতালান ক্লাবটি। এরই মধ্যে ক্লাবের সদস্যদের কাছ থেকে টিভি স্বত্বের ২৫ শতাংশ পর্যন্ত বিক্রির অনুমতি নিয়ে রাখার কথা জানিয়েছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তে।

এদিকে, বার্সেলোনার পৃষ্ঠপোষক স্পটিফাইয়ের নামে ক্যাম্প ন্যুর গ্র্যান্ডস্ট্যান্ডে নতুন করে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। লিওনেল মেসি, গ্রিজম্যান, ফিলিপে কৌতিনহো , লুইস সুয়ারেজদের মতো উচ্চ বেতনভোগী সব তারকা ফুটবলারকে ছেড়ে দেয়ার পরও অর্থনৈতিক সমস্যা কোনোভাবেই কাটিয়ে উঠতে পারছে না বার্সেলোনা। তাই আয়ের নানা উৎস খুঁজছে স্প্যানিশ জায়ান্টরা। এরই মধ্যে সুইডিশ অডিও স্ট্রিমিং সার্ভিস প্রোভাইডার স্পটিফাইয়ের সঙ্গে চুক্তি করেছে বার্সা। কিন্তু চুক্তি থেকে পাওয়া এক মৌসুমের অর্থে স্বল্প মেয়াদি দেনা শোধ সম্ভব হয়নি ক্লাবটির।

দল বদলের বাজারে ঋণের প্রভাব হাড়ে হাড়ে টের পাচ্ছে বার্সেলোনা। পছন্দ থাকলেও খেলোয়াড় দলে ভেড়াতে হিমশিম খেতে হচ্ছে দলটিকে। এই যেমন ব্রাজিলিয়ান রাফিনহা নু ক্যাম্পে পাড়ি জমাতে চান, অথচ আর্থিক দুর্দশার কারণে এখনো ইতিবাচক কোনো প্রস্তাবও দিতে পারছে না কাতালান ক্লাবটি।

এ ধরনের সমস্যাগুলো থেকে মুক্তি পেতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বার্সা। আগামী ২৫ বছরের জন্য টিভি স্বত্বের ১০ শতাংশ মার্কিন বিনিয়োগকারী সংস্থা ‘সিক্সথ স্ট্রিটের’ কাছে বিক্রি করছে বার্সেলোনা। যেখানে চুক্তির ২০ কোটি ৭৫ লাখ ইউরো পাবে স্প্যানিশ ক্লাবটি। গেলো বছর লা লিগা ও লা লিগা টু’র সবকটি ক্লাবের টিভি স্বত্ব ব্যবস্থা করেছিল লিগ কর্তৃপক্ষ।

এদিকে, নতুন এ চুক্তির ফলে গেল অর্থবছরে লাভ দেখাতে পেরেছে বার্সা। বাড়তি এই অর্থ পাওয়ায় আপাতত চিন্তামুক্ত হলেন বার্সা সভাপতি। এ সম্পর্কে তিনি বলেন, ‘আমরা ক্লাবের আর্থিক ভিত্তি শক্তিশালী করার জন্য সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। গেল বছর লা লিগায় টিভি স্বত্ব থেকে ১৫ কোটি ৫৬ লাখ ইউরো আয় করেছে বার্সেলোনা। আর কিছুদিন আগেই সদস্যদের কাছ থেকে টিভি স্বত্বের ২৫ শতাংশ পর্যন্ত বিক্রির অনুমতি নিয়ে রেখেছে ক্লাব। আমরা আশাবাদী, বাকি ১৫ শতাংশ বিক্রি করে আরও ৩০ কোটি ইউরো আয় করতে পারব।’

এদিকে, চলতি বছরের ফেব্রুয়ারিতে নিজেদের স্টেডিয়াম ন্যু ক্যাম্পের নাম স্বত্ব স্পটিফাইয়ের কাছে বিক্রি করেছিল বার্সেলোনা। এরপরই বার্সার ঘরের মাঠের অফিসিয়াল নাম রাখা হয় স্পটিফাই ক্যাম্প ন্যু। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটির সঙ্গে নতুন করে চুক্তি সেরে নিয়েছে কাতালানরা। ক্যাম্প ন্যুর গ্র্যান্ড স্ট্যান্ডে নতুন করে প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। যেখানে বার্সার পুরুষ ও নারী দলের ফুটবলাররা স্পটিফাইয়ের নাম সংবলিত জার্সি পরে মাঠে নামবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন