হোম অন্যান্যসারাদেশ ঝিকরগাছায় আওয়ামী লীগের আরও তিন নেতা বহিষ্কার

তাজমুল, ঝিকরগাছা :

যশোরের ঝিকরগাছা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় তিনজনকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। বহিষ্কারের তালিকায় উপজেলা আওয়ামী লীগের সভাপতির নাম থাকলেও সংবাদ সম্মেলনের আগ মুহূর্তে ফোন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেওয়ায় তার বহিষ্কার আদেশ স্থগিত করা হয়েছে।

রোববার (২ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঝিকরগাছা পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ চারজন বিদ্রোহী হিসেবে মনোনয়ন দাখিল করেন। দলীয় গঠনতন্ত্রের ৪৭ উপধারা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত অমান্য করায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, আওয়ামী লীগ নেতা একেএম আমিনুল কাদির টুলু, আব্দুল্লাহ আল সাঈদ ও শিপন সরদারকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আজ সংবাদ সম্মেলন করে ঘোষণা দেবার আগ মুহূর্তে উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ফোন করে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় তার বহিষ্কারাদেশ স্থগিত রেখে অন্য তিনজনকে বহিষ্কার করা হয়।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়ায় এখন পর্যন্ত যাদের বহিষ্কার করা হয়েছে তারা দলে ফিরতে পারবে না। খুব শিগগিরই সম্মেলনের মাধ্যমে ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের সকল কমিটি পুনর্গঠন করা হবে। আর সেই কমিটিতে দলের প্রতি অনুগত ও ত্যাগী নেতারাই স্থান পাবেন।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী সহ-সভাপতি আলী রায়হান, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম, শিল্প ও বাণিজ্য সম্পাদক শেখ আতিকুর বাবু, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোস্তফা আনোয়ার পাশা জামাল, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চৌধুরী রমজান শরীফ বাদশা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক আব্দুল কাদের আজাদ, ঝিকরগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক শেখ নাসিমুল হাবিব সিপার উপস্থিত ছিলেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন