হোম ফিচার জাতিসংঘের আগেই সমুদ্র আইন প্রণয়ন করেন বঙ্গবন্ধু: নৌপরিবহন প্রতিমন্ত্রী

রাজনীতি ডেস্ক :

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, একজন দূরদর্শী নেতা হিসেবে স্বাধীনতার পর সমুদ্র আইনসহ বহু আইন প্রণয়ন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর এক বছর পর জাতিসংঘ সমুদ্র আইন প্রণয়ন করে।

শনিবার (২ এপ্রিল) চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৩তম ব্যাচ ও মাদারীপুর শাখার ১২তম ব্যাচ প্রশিক্ষণার্থী রেটিংসদের প্রশিক্ষণ সমাপনী মুজিববর্ষ কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু বাংলার মানুষের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন। প্রায় ১৪ বছর কারাভোগ করেছেন। ফাঁসির কথা জেনেও তিনি বাংলার মানুষের মুক্তির কথা বলেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মধ‍্যে আগামী দিনের ভিত্তি দাঁড় করেছিলেন। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ‍্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার লক্ষ‍্যে নিরলসভাবে কাজ করছেন।

খালিদ মাহমুদ বলেন, ‘বঙ্গোপসাগরে আমাদের অধিকার ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা অধিকার প্রতিষ্ঠিত করেছি। আমরা সমুদ্র বিজয় করেছি।’

তিনি বলেন, ‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। একজন নাবিক শহীদ হন। শেখ হাসিনার সরকারের দক্ষ কূটনৈতিক তৎপরতায় বাকি নাবিক ও শহীদ নাবিকের মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে। কঠিন পরিস্থিতিতে আমাদের দেশের নাবিকরা যে সাহস দেখিয়েছেন, তা বিশ্বে প্রশংসিত হয়েছে।’

মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে দেশের সব সেক্টর একযোগে কাজ করে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন করেছে এবং উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে পরিণত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। এরই অংশীদার হিসেবে শিপিং সেক্টরও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। তাই শিপিং সেক্টরে দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে ট্রেনিং ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলস কাজ করে যাচ্ছে।

এ সময় তিনি বলেন, উপমহাদেশের প্রাচীনতম এই ট্রেনিং ইনস্টিটিউটকে মেরিটাইম কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিণত করার লক্ষ‍্যে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে সিমুলেটর বিল্ডিং নির্মাণ করা হয়েছে। যার মধ্যে ব্রিজ সিমুলেটর, ইঞ্জিন সিমুলেটর এবং হাই ভোল্টেজ সিমুলেটর স্থাপন করা হয়েছে। উক্ত সিমুলেটরের মাধ্যমে অফিসার ও রেটিংসদের উন্নতমানের প্রশিক্ষণ প্রদান করে এ সেক্টরের দক্ষ জনবল সৃষ্টি করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, চট্টগ্রামের নিয়ন্ত্রণে মাদারীপুর শাখার স্থাপনাদির নির্মাণ ও যন্ত্রপাতি সংগ্রহের কাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের জুনে প্রকল্প হস্তান্তর করা হবে। সেখানে প্রতি ব্যাচে ৩০০ জন করে ২টি ব্যাচে প্রতিবছর ৬০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা সম্ভব হবে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট, কুড়িগ্রাম শাখা স্থাপনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে এবং ২০২৪ সালের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে।

বাংলাদেশ শিপিং করপোরেশনের সৌজন্যে গোল্ড মেডেল পান অল রাউন্ড রেটিং ইমতিয়াজুল হক এবং মেসার্স হক অ্যান্ড সন্স লি.-এর সৌজন্যে বেস্ট গ্রাউন্ড রেটিং মেডেল পান প্যারেড কমান্ডার ইসতিয়াক ইরফান জিহাদ। তাদের মেডেল প্রদান করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এই কোর্সে ১২৭ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অন্যদের মধ‍্যে বক্তব‍্য দেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন