হোম জাতীয় ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত, আটক ৩

জাতীয় ডেস্ক :

নারায়ণগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে মো. মাহফুজ (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টায় নগরীর টানবাজার ঘাট এলাকায় ছুরিকাহত হন তিনি। পরে রাত আড়াইটায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত মাহফুজ নগরীর খানপুর বউবাজার এলাকার হারুনুর রশীদের ছেলে। মাহফুজ নারায়ণগঞ্জ কলেজ বিশ্ববিদ্যালয়ে একাদশ শ্রেণীর ছাত্র ছিল। পাশাপাশি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের কারখানায় অপারেটর হিসেবে চাকরি করত।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, পূর্ব শত্রুতার জেরে মাহফুজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। শনিবার দুপুরে সুরতহাল শেষে মাহফুজের মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক তদন্ত ও নিহতের দুই সহকর্মীর দেওয়া তথ্যের বরাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বলেন, দেড় বছর পূর্বে নগরীর দেওভোগ এলাকার কিছু যুবকের সাথে চাষাঢ়ায় শহীদ মিনারের সামনে মারামারি হয় মাহফুজ, মেহেদী, সায়েম ও তাদের বন্ধুদের। কোনোভাবে তারা জানতে পারে দেওভোগের ওই যুবকরা পিকনিক শেষে রাতে টানবাজার ঘাট দিয়ে ফিরবে। তাদের সাথে ঝামেলা করার উদ্দেশে টানবাজারে যায় তারা। সেখানেই প্রতিপক্ষের মারধর ও ছুরিকাঘাতে গুরুতর আহত হয় মাহফুজ।

থানা ফটকে মাহফুজের বড় বোন পলি বেগম বলেন, বিকেলে কাজ থেকে ফেরার পর দুই সহকর্মী ও বন্ধু মেহেদী (২১) ও সায়েম (২০) বাসা থেকে ডেকে নিয়ে যায় মাহফুজকে। রাতে মাহফুজ ছুরিকাহত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে আছেন বলে খবর পান বড় বোন পলি। হাসপাতালে গেলে চিকিৎসক দ্রুত ঢাকা নিয়ে যেতে বলে। পরে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করালে সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিল মাহফুজ। রাত আড়াইটার দিকে আইসিইউতেই মারা যায় সে।

মাহফুজের পিঠে গভীর ছুরির আঘাত ছিল বলে জানান তার মা মাবিয়া বেগম। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেসে রান্না কইরা খাওয়াইয়া ছেলেরে বড় করছি। তিন মেয়ের পর একমাত্র ছেলে ছিল মাহফুজ।’ ক্ষোভের সুরে ছেলে হত্যার বিচার চান মা।

এই হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজের সহকর্মী মেহেদী, সায়েম ও তমাল নামে তিনজনকে আটক করেছে পুলিশ।

মেহেদী মৃত মো. জাহাঙ্গীরের ছেলে এবং সায়েম দুবাই প্রবাসী মো. নয়নের ছেলে। তমালের সম্পূর্ণ পরিচয় জানা যায়নি। তারা তিনজনই খানপুর ও আশেপাশের এলাকার বাসিন্দা।

মেহেদীর স্ত্রী স্মৃতি বলেন, শুক্রবার দুপুরে বের হন তার স্বামী। এরপর কী হয়েছে তা তারা জানেন না। মেহেদী ও নিহত মাহফুজ ভালো বন্ধু ছিল বলেও জানায় স্মৃতি। একই কথা জানান সায়েমের স্বজনরাও।

এ হত্যাকাণ্ডের ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঘটনার সময় সাথে থাকা তিন সহকর্মীর সাথে কথা বলে আমরা বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছি। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে জানিয়ে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন