জাতীয় ডেস্ক :
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে ছিনতাইকারীর হামলায় মো. আলীম হোসেন (৫৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার দুই ছেলে মো. শান্ত (১৬) ও মো. শুভ (২৭) আহত হন। গুরুতর আহত শুভকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো করা হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বুধবার (২৭ অক্টোবর) সকাল ৯টায় মো. আলীম হোসেনের মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ি থানা পুলিশ।
আলীম হোসেনের শ্যালক মানিক জানান, মঙ্গলবার রাত ২টার দিকে নিহত আলিম হোসেন তার টঙ্গীবাড়ি উপজেলার বড়লিয়ার ফার্নিচারের দোকান বন্ধ করে দুই ছেলে শুভ ও শান্তকে নিয়ে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি তুলকাই গ্রামে ফিরছিলেন।
এ সময় তার বাড়ির পাশের সামনের সড়কে পৌঁছালে ছিনতাইকারীরা সড়কের মধ্যে দড়ি টানিয়ে তাদের মোটরসাইকেল অবরোধ করে। পরে ছিনতাইকারীরা আলীম হোসেন ও তার দুই ছেলে শুভ এবং শান্তকে মারধর করে।
একপর্যয়ে তারা আলীম হোসেনকে পানিতে ফেলে দেয়। আলীমের কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও শুভর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
টঙ্গীবাড়ি থানার ওসি মোল্লা সোয়েব জানান, গভীর রাতে ছিনতাইকারীরা সড়ক অবরোধ করে ছিনতাইয়ের চেষ্টাকালে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় নিহত আলীম হোসেন ছিনতাইকারীদের মারধরে পানিতে পড়ে গেলে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত সাবল, চাবুক, কাঠের ডাসা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
