জাতীয় ডেস্ক :
চট্টগ্রামে মেয়েকে কলেজে পৌঁছে দেয়ার সময় লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় চোখের সামনে মেয়ের মৃত্যু দেখে বেশ কয়েকবার সড়কে চলাচলরত গাড়ির নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই ছাত্রীর বাবা।
শনিবার (২৩ জুলাই) বিকেল ৩টার দিকে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৩ নম্বর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফাতেমা জাহান চট্টগ্রাম শহরের এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তিনি সলিমপুর ইউনিয়নের কালুশাহ নগর ফৌজদার বাড়ির মো. ফারুকের মেয়ে।
জানা যায়, মেয়েকে মোটরসাইকেলে কলেজে পৌঁছে দিতে বেরিয়েছিলেন মো. ফারুক। কিন্তু ফৌজদারহাট-বায়েজিদ সড়কের ৩ নম্বর ব্রিজের কাছে বেপরোয়া গতির বিএসআরএম কোম্পানির একটি লরির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান মেয়ে ফাতেমা জাহান। তখন লরিটি সড়কের ওপর তাকে পিষ্ট করে চলে যায়। চোখের সামনে মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছিলেন না বাবা। বারবার চলন্ত গাড়ির নিচে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক পার্থ সারথী সাহা জানান, খবর পেয়ে পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়।
