হোম আন্তর্জাতিক চীনা বিমানবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেওয়ায় গ্রেপ্তার সাবেক মার্কিন সেনা

চীনা বিমানবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দেওয়ায় গ্রেপ্তার সাবেক মার্কিন সেনা

কর্তৃক Editor
০ মন্তব্য 37 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:

চীনা সামরিক পাইলটদের অবৈধভাবে প্রশিক্ষণ প্রদান এবং দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে মার্কিন বিমানবাহিনীর সাবেক এলিট ফাইটার পাইলট জেরাল্ড ব্রাউনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইন্ডিয়ানা থেকে ৬৫ বছর বয়সী এই সাবেক মেজরকে আটক করা হয়, যিনি একসময় ‘রানার’ কল-সাইনে (ছদ্মনামে) পরিচিত ছিলেন।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, ব্রাউন যথাযথ সরকারি অনুমতি ছাড়াই চীনের সামরিক বাহিনীকে প্রতিরক্ষা বিষয়ক সেবা ও প্রশিক্ষণ দিয়ে দেশটির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এফবিআই-এর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের মতে, ব্রাউন যাদের প্রতিরক্ষা করার শপথ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই লড়াই করার জন্য শত্রুপক্ষকে প্রশিক্ষণ দিয়েছিলেন, যা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকিস্বরূপ।

ব্রাউন মার্কিন বিমানবাহিনীতে দীর্ঘ ২৪ বছর অত্যন্ত সম্মানজনক অবস্থানে ছিলেন। তিনি কেবল যুদ্ধাভিযানই পরিচালনা করেননি বরং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম স্পর্শকাতর ইউনিটগুলোর কমান্ডিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ১৯৯৬ সালে সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি এফ-৩৫ এবং এ-১০ যুদ্ধবিমানের প্রশিক্ষক হিসেবে কাজ শুরু করেন।

২০২৩ সালের ডিসেম্বরে তিনি চীনে পাড়ি জমান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরু পর্যন্ত সেখানে অবস্থান করে চীনা পাইলটদের কৌশলগত প্রশিক্ষণ দেন। এই চুক্তির পেছনে স্টিফেন সু বিন নামে এক চীনা নাগরিকের হাত রয়েছে বলে জানা গেছে, যিনি এর আগে মার্কিন সামরিক তথ্য চুরির দায়ে সাজাপ্রাপ্ত হয়েছেন।

এই গ্রেপ্তারের ঘটনাটি আন্তর্জাতিক পর্যায়ে সাবেক পশ্চিমা সামরিক সদস্যদের চীন কর্তৃক নিয়োগের একটি বড় চক্রান্তের অংশ হিসেবে দেখা হচ্ছে। এর আগে ড্যানিয়েল ডুগান নামে আরও এক সাবেক মার্কিন মেরিন পাইলটকে একই ধরনের অভিযোগে অস্ট্রেলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো যৌথভাবে সতর্কতা জারি করেছিল যে, চীন পশ্চিমা সামরিক অভিজ্ঞতা ও রণকৌশল হাতিয়ে নিতে তাদের সাবেক সেনা সদস্যদের লক্ষ্যবস্তু বানাচ্ছে। ওয়াশিংটনের প্রসিকিউটরদের মতে, ব্রাউনের মতো অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত তথ্য চীনের সামরিক বাহিনীকে আধুনিকায়নে সাহায্য করছে যা সরাসরি মিত্র দেশগুলোর নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে।

বর্তমানে ব্রাউনকে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার আদালতে হাজির করার প্রস্তুতি চলছে এবং দোষী সাব্যস্ত হলে তাকে অস্ত্র রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘনের দায়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে, যারা অর্থের বিনিময়ে বিদেশের কাছে নিজেদের দক্ষতা বিক্রি করার কথা ভাবছেন, এই গ্রেপ্তার তাদের অন্যান্য সাবেক সামরিক কর্মকর্তাদের জন্য একটি কড়া বার্তা।

ভূ-রাজনৈতিক এই উত্তেজনার সময়ে ব্রাউনের মতো অভিজ্ঞ পাইলটের এই বিশ্বাসঘাতকতা পেন্টাগনের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন