হোম জাতীয় চাঁদা না পেয়ে পাটকাঠিবোঝাই ট্রলারে আগুন

জাতীয় ডেস্ক :

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় পদ্মা নদীতে চাঁদা না দেওয়ায় পাটকাঠিবোঝাই একটি ট্রলারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার সকালে ট্রলারটি রাজবাড়ী থেকে নারায়ণগঞ্জের একটি পারটেক্স মিলে যাচ্ছিল। পথিমধ্যে হরিরামপুর উপজেলার পদ্মা নদীর বাহাদুরপুর এলাকায় পৌঁছালে অন্য একটি ট্রলারে কয়েকজন লোক এসে তিন হাজার টাকা দাবি করে। এ সময় তাদের আড়াই হাজার টাকা দিতে রাজিও হয়েছিল ট্রলারের লোকজন। তবে দাবি করা টাকা না দেওয়ায় ট্রলারে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায় তারা।

এদিকে ট্রলারে আগুন দেখে নদীপারের স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। এ সময় ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে ট্রলারের আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুল ইসলাম বলেন, এ ঘটনার কথা শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন