জাতীয় ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আশ্রয়নের কিছু কিছু ঘর হাতুড়ি দিয়ে ভেঙে দেওয়া হয়েছিল। প্রাকৃতিক কারণেও কিছু ঘর ভেঙেছিল। দুর্নীতির খোঁজ পাই মাত্র ৯ জায়গায়। দেড় লাখ ঘরের মধ্যে তিনশ ঘরে ঝামেলা হয়েছে। যারা ভাঙার পর টেলিভিশনে দেখালো, তাদেরকে কেনো প্রশ্ন করেনি গণমাধ্যম।
সোমবার (৪ অক্টোবর) সদ্যসমাপ্ত নিউইয়র্ক সফর এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, এভাবে কেন ভাঙলো এই প্রশ্ন সাংবাদিক ভাইরা করেনি কেন? ঘর ভাঙল, সেটা দেখালেন, কীভাবে ভাঙল, সেটা দেখাল না সাংবাদিকরা। জানি, কোনো গণমাধ্যমের কাছ থেকে এর উত্তর পাবো না। সাংবাদিকরা কেন এসব বিষয় বিস্তারিত খোঁজ নিল না সেই প্রশ্ন করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, বিএনপি ২০০৮ সালে তো নির্বাচনে হেরেছে। সেই নির্বাচন নিয়ে তো কোনো প্রশ্ন তোলেনি। তাদের জন্ম কীভাবে হয়েছে? ভালো কোনো হাত ধরে গণতান্ত্রিক পর্যায়ে কি তাদের জন্ম হয়েছে? বিএনপি যখন ক্ষমতায় আসে, তখন লুটপাট করেছে। একজন এতিমদের টাকা লুটপাট করে কারাভোগ করেছে। অপরজন ১০ ট্রাক অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক আসামি হিসেবে বিদেশে অবস্থান করছে। কাজেই যারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন, তারা নিজেরাই তো অবৈধ। কিন্তু দেশে নির্বাচন হয়েছে বিধায় দেশ এখন স্থিতিশীল রয়েছে। উন্নয়ন হচ্ছে। আমরা উন্নয়নের পাশাপাশি মিডিয়া দেওয়ার চেষ্টা করেছি।
আপনারাই বলেন, এ অবস্থায় বিএনপিকে কে ভোট দেবে? কোন স্বর্গসুখের আশায় বিএনপিকে ভোট দেবেন?
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান এবং বিভিন্ন উচ্চপর্যায়ের ইভেন্টে অংশগ্রহণের জন্য এক সরকারি সফরে গত ১৯ থেকে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করেন। পরে ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর তিনি ওয়াশিংটন ডিসিতে অবস্থান শেষে ১ অক্টোবর দেশে ফেরেন।
