হোম আন্তর্জাতিক গ্রিস উপকূলে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৭৮

আন্তর্জাতিক ডেস্ক:

গ্রিসের দক্ষিণ উপকূলে ভয়াবহ এক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থী মিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। এছাড়া শতাধিক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও আরও অনেকেই নিখোঁজ রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

বুধবার (১৪ জুন) গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, নৌকাটি ডুবেছে গ্রিসের পাইলোস অঞ্চলের ৪৭ নটিকাল মাইল দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায়। ঘটনাস্থল ভূ-মধ্যসাগরের অন্যতম গভীর এলাকা।

ইতালিগামী নৌকাটি পূর্ব লিবিয়ার টোব্রুক এলাকা থেকে যাত্রা করেছিল বলে ধারণা করা হচ্ছে। কোস্টগার্ড আরও জানিয়েছে, নৌকাটি ডুবে যাওয়ার পরপরই ব্যাপক উদ্ধার অভিযান শুরু হয়। তবে প্রবল বাতাসের কারণে উদ্ধার তৎপরতায় জটিলতা সৃষ্টি হয়।

নৌকায় ঠিক কতজন যাত্রী ছিলেন তা এখনও জানা যায়নি। তবে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া শতাধিক জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গুরুতর চারজনকে কালামাটা শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছয়টি কোস্টগার্ড জাহাজ, একটি নৌবাহিনীর ফ্রিগেট, একটি সামরিক যান ও একটি বিমানবাহিনীর হেলিকপ্টারসহ বেশ কয়েকটি বেসরকারি জাহাজ নিখোঁজদের সন্ধানে অংশ নেয়।

লিবিয়া থেকে ইউরোপ পাড়ি দেয়ার অন্যতম জনপ্রিয় রুট হচ্ছে ভূ-মধ্যসাগর। ছোট ছোট ডিঙি নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রায়ই এই পথে ইউরোপ পাড়ি দেয়ার চেষ্টা করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু অভিবাসনপ্রত্যাশী। ফলে এই পথে প্রায়ই নৌকাডুবির ঘটনা ঘটে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন