বাণিজ্য ডেস্ক :
আগামী অর্থবছর থেকে গুগল ও ফেসবুকের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলো করের আওতায় আসতে পারে বলে মন্তব্য করেছেন ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে এমনটাই ইঙ্গিত করেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছর থেকে বাংলাদেশে সরাসরি কার্যালয় নেই, কিন্তু কার্যক্রম আছে এ ধরনের প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন জমা দিতে হবে।
অর্থমন্ত্রী জানান, দেশে কার্যালয় নেই এমন অনাবাসিক প্রতিষ্ঠানকে এনবিআর আয়কর রিটার্ন দাখিল থেকে অব্যাহতি দিলেও আগামী অর্থবছরের ১ জুলাই থেকে এতে পরিবর্তন আসতে পারে। ফলে গুগল ও ফেসবুকের মতো গ্লোবাল টেক জায়ান্টগুলো আগামী অর্থবছর থেকে করের আওতায় আসতে পারে।
ডিজিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে কর সংগ্রহের পরিকল্পনার অংশ হিসেবে এ ছাড় প্রত্যাহার করা হবে বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে বাংলাদেশে কার্যালয় নেই, কিন্তু সেবা দিয়ে আসছে এমন ডিজিটাল বহুজাতিক কোম্পানিগুলোকে আয়ের বিবরণী জমা দিতে হবে বলে জানান অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
