খেলাধূলা ডেস্ক :
দীর্ঘদিন ধরে আলোচনায় নেই ক্রিকেটার আল আমিন হোসেন। জাতীয় দলের জার্সি গায়ে তাকে সর্বশেষ দেখা গেছে ২০২০ সালের মার্চে। এরপর অফ ফর্ম আর ইনজুরির কারণে জাতীয় দলে ফেরা হয়নি এই ক্রিকেটারের। তবে হুট করে আলোচনায় তিনি। আল আমিনের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ এনেছেন তার স্ত্রী।
বৃহস্পতিবার মিরপুর মডেল থানায় আল আমিনের স্ত্রী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিজুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী নারী নির্যাতনের একটি লিখিত অভিযোগ দিয়েছেন। যাচাইবাছাই চলছে। অভিযোগের সত্যতা পেলে মামলা হবে।
এ বিষয়ে ক্রিকেটার আল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৩১ ম্যাচ খেলেছেন আল আমিন। ওয়ানডে খেলেছেন ১৫টি। টেস্ট ম্যাচের সংখ্যা সাত। ২০১৯ সালে কলকাতায় ভারতের বিরুদ্ধে সর্বশেষ টেস্ট খেলেছেন আল আমিন। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার সর্বশেষ ম্যাচ ২০২০ সালের মার্চে। ক্রিকেটের দুই ফরম্যাটে তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিরুদ্ধে। এরপর থেকেই তিনি জাতীয় দলের বাইরে।
