স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :
কেশবপুরে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশের (ভাব) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার সাতবাড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাছুম বিল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য দেন ভাব বাংলাদেশের সহকারী কান্ট্রি ডিরেক্টর আব্দুল আলিম খান। মতবিনিময় সভায় আলোচনায় অংশ নেন মূলগ্রাম দারুল উলুম আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলাউদ্দিন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত বসু, ভান্ডারখোলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, বুড়িহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল আহাদ, বায়সা দাখিল মাদ্রাসার সুপার আব্দুর রহমান, ত্রিমোহিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুজ্জামান, শিক্ষক নূরুল ইসলাম খান, শিক্ষক শাহজাহান আলী, শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।
মতবিনিময় সভায় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলার জন্য ভাব বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখার জন্য শিক্ষকরা দাবি জানান। ভাব বাংলাদেশ এ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার মানোন্নয়নে প্রশিক্ষণ ও সহায়তার মাধ্যমে কাজ করে যাচ্ছে।
