কিশোরগঞ্জ প্রতিনিধি :
প্রতিবেশির সংঘর্ষ থামাতে গিয়ে বানেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বানেছা শিমুলিয়া গ্রামের মৃত নূর মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যার পর শিমুলিয়া গ্রামের শুকুর মামুদের ছেলে সাদেক (১৮) বাড়ির পাশে বসে পায়খানা করছিল। এ সময় প্রতিবেশী রতনের ছেলে শামীম (৮) টর্চ লাইট জ্বালিয়ে যাওয়ার সময় টর্চ লাইটের আলো সাদেকের ওপর পড়ে। এতে ক্ষিপ্ত হয়ে সাদেক লাঠি দিয়ে শামীমকে আঘাত করলে শামীম পানিতে পড়ে যায়। পরে শামীমকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রতন ও তার লোকজন সাদেকের বাড়িতে অভিযোগ দিতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিবেশী বৃদ্ধা বানেছা বেগম সংঘর্ষ থামাতে গেলে তার মাথায় লাঠির আঘাত পড়ে। এ ঘটনায় আরও ৪ জন আহত হন।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) আবুবকর সিদ্দিক সাংবাদিকদের বলেন, সংঘর্ষের ঘটনায় বানেছা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
