হোম জাতীয় কারাগারে পরীক্ষা দিচ্ছে অস্ত্র মামলার ৫ আসামি

 

জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরে জেলা কারাগারে বসেই এইচএসসি পরীক্ষা দিতে হচ্ছে অস্ত্র মামলার ৫ আসামিকে। এরমধ্যে জালিস মাহমুদ নামে একজন বৃহস্পতিবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে কারাগারে বসেই পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথমপত্র পরীক্ষা দিয়েছেন। অপর ৪ পরীক্ষার্থী ৫ ডিসেম্বর যুক্তিবিদ্যা পরীক্ষায় অংশ নেবেন।

জালিস রামগঞ্জ উপজেলার সাউদেরখিল গ্রামের বাসিন্দা ও রামগঞ্জ মডেল কলেজের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী। অন্যরা হলেন-উপজেলার রতনপুর গ্রামের মোহাম্মদ তাইয়ুব, হাতিপুরের ইফতেখার আহমেদ ফয়সাল, দরবেশপুর গ্রামের তাহমুন হোসেন মামুন, নোয়াগাঁওর ফজলে রাব্বি। তারা একই কলেজের মানবিক বিভাগের ছাত্র।

লক্ষ্মীপুর কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বলেন, ৬ জন পরীক্ষার্থীই অস্ত্র ও বিস্ফোরক মামলার আসামি। এরমধ্যে একজন সকালে পরীক্ষায় বসেছে। জেল কোড নিয়ম মেনেই ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরীক্ষা নেওয়া হয়েছে। বাকিদের পরীক্ষা ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, নির্বাচন উপলক্ষে ২৭ নভেম্বর রাতে র‍্যাব-পুলিশ যৌথ টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ভাদুর গ্রামের যুগী বাড়িতে অভিযান চালানো হয়। এতে পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শাহ আলম সিদ্দিকী জীবন, ছাত্রলীগ নেতা পিজু ও ওই ৫ পরীক্ষার্থীসহ ৩১ জনকে একটি এলজিসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, অস্ত্রসহ আটক ৩১ জনের বিরুদ্ধে র‍্যাবের পক্ষ থেকে এজাহার দাখিল করা হয়। পরে তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তারা বর্তমানে কারাগারে রয়েছেন।

এদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক দুইজন কলেজ শিক্ষক জানান, ওই ছাত্রদের কোন শিক্ষা-প্রতিষ্ঠানের কক্ষে বসে পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু তারা এখন কারাগারে পরীক্ষা দিচ্ছে। অসুস্থ রাজনীতি তাদের ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিলো। তাদের কারাগারে যাওয়ার পেছনের নেতাদের আইনের আওতায় আনা উচিত।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন