হোম জাতীয় কলেজছাত্রীকে উত্ত্যক্ত, পুলিশের তাড়ায় নদীতে পড়ে যুবক ধরা

জাতীয় ডেস্ক :

কিশোরগঞ্জে কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার সময় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দিয়েছেন রাতুল (২৫) নামে এক যুবক। তবে পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে ওই যুবককে ধরে ফেলেছে।

মঙ্গলবার (৩০ আগস্ট) ওই যুবককে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২৯ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা সদরের পাইকান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রাতুল উপজেলার দশপাখি গ্রামের বাদল মিয়ার ছেলে।

কটিয়াদী মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এসএম শাহাদত হোসেন এর সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, কটিয়াদী উপজেলা সদরে এক ছাত্রীকে কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন রাতুল। বিষয়টি কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।

সোমবার বিকালে কলেজ ছুটির পর ব্রিজের দুপাশে সাধারণ পোশাকে অবস্থান নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খানজাদা শাহরিয়ার বিন মান্নান ও মডেল থানার ওসি এসএম শাহাদত হোসেন। ওই ছাত্রী বাড়ি ফেরার সময় ব্রিজের মাঝামাঝি স্থানে রাতুল তাকে উত্ত্যক্ত করতে শুরু করেন। এ সময় ব্রিজের দুপাশে অবস্থান নেয়া প্রশাসন ও পুলিশ তাকে ঘিরে ফেলে। অবস্থা বেগতিক দেখে ব্রিজ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা করেন রাতুল। এ সময় পুলিশও নদীতে ঝাঁপিয়ে পড়ে তাকে আটক করে।

সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট খানজাদা শাহরিয়ার বিন মান্নান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রাতুলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন