কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
কলারোয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদ মলিনায়তনে আনুষ্ঠানিকভাবে ওই সকল কৃষি সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আ.ক.ম হারুনুর রশিদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল, পল্লী উন্নয়ন কর্মকর্তা এস.এম.এ সোহেল ও কৃষক আশরাফ আলীসহ উপকারভোগী কৃষক ও সূধিবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল হক।
উল্লেখ্য, ২০২১-২২ অর্থ বছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে উচ্চ ফলনশীল পাট বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে নাবী পাট বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৭০ জন কৃষক প্রতি ১০ কেজি ইউরিয়া, ১০ কেজি টিএসপি, ১০ কেজি এমওপি পটাশ ও আধা কেজি পাট বীজ বিতরণ করা হয়। এ ছাড়া পরিচর্যা, সেচ ও চাষাবাদ খরচ বাবদ বিকাশ একাউন্টের মাধ্যমে মোট ২ হাজার ৩৩০ টাকা প্রদান করা হয়েছে বলে জানা যায়।
