কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি :
সারা দেশের ন্যায় কলারোয়ায় ইউনিয়ন ভিত্তিক দ্বিতীয় ডোজের গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) সকাল ৮ টা থেকে উপজেলার ১২ টি ইউনিয়নে টিকা গ্রহনকারীরা সু-শৃঙ্খলভাবে ভ্যাক্সিন গ্রহন করেন।
উপজেলার কয়লা, জালালাবাদ, জয়নগর, যুগিখালী, দেয়াড়া ও কুশোডাঙ্গা ইউনিয়নসহ বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা প্রদান কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার জিয়াউর রহমান, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার শফিকুল ইসলাম, মেডিকেল অফিসার ডাক্তার আশিক বাহারসহ স্বাস্থ্য সেবা কর্মকর্তাবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান জানান,‘সরকারি নির্দেশনা অনুযায়ী আইডি কার্ড নিয়ে অনলাইনে নিবন্ধন করে ইতোপূর্বে ২৫ উর্দ্ধো বয়সীদের প্রথম ডোজের টিকা গ্রহন করেন উপজেলার ১২টি ইউনিয়নে নিবন্ধনকারী ৭ হাজার ২০০ জনের মধ্যে ৬ হাজার ৯৬৪ জন। এরই মধ্যে দ্বিতীয় ডোজের টিকা গ্রহন করেন ৬ হাজার ৪৫০ জন। ব্যক্তিগত কারনে অনুপস্থিত ছিলেন ৫১৪ জন। টিকা গ্রহনের শতকরা হার ৯৩ ভাগ।
ইউনিয়নের প্রতিটি বুথে ২ জন ভ্যাক্সিনেটর ও ৩জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডাক্তার জিয়াউর রহমান, টিকা কেন্দ্র পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে সকলকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।
