নিজস্ব প্রতিনিধি :
ভোমরা স্থল বন্দরে বাড়তি চারশ’টাকা ট্রাক আনলোড চার্জের দাবি নিয়ে বিরোধে কর্মচারীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে তিনজন শ্রমিক-কর্মচারি আহত হয়েছেন। সংঘর্ষের জেরে সমস্ত ট্রাক লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে সীমাহীন ট্রাক জটে পড়েছে স্থলবন্দরটি।
ভোমরা স্থল বন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নেরসহ-সভাপতি মিজানুর রহমান জানান,ট্রাক প্রতি আনলোড করতে ৮শ’ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমুল্যের উর্দ্ধগতিতে দিশেহারা হয়ে আমরা ১ হাজার ২শ’ টাকা দাবি করেছিলাম। এই দাবিতে কর্মবিরতি পালন করছিলাম।
শনিবার বিকেলে কর্মচারি ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সঙ্গত কারণে শ্রমিকরা বাঁধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে কর্মচারি ইউনিয়নের সাব্বির হোসেন,শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হয়। ট্রাক প্রতি আনলোড চার্জ ১ হাজার ২শ’ টাকা না হলে শ্রমিকরা কাজ করবেনা বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা।
এ বিষয়ে ভোমরা কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার বিষয়ে সিএন্ডএফের এজেন্ট নেতৃবৃন্দের সাথে বিকেলে সভা হওয়ার কথা রয়েছে। আশাকরছি,সভায় বিষয়টি নিস্পত্তি হবে।
