আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রে মানুষের গড় আয়ু প্রায় দুই বছর কমে গেছে। করোনাভাইরাসের কারণে দেশটির মানুষের গড় আয়ুতে নেতিবাচক পরিবর্তন ঘটেছে।
বুধবার (২৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের সবশেষ ন্যাশনাল ভাইটাল স্ট্যাটিস্টিকস রিপোর্টের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানানো হয়েছে। খবর সিনহুয়া।
রিপোর্টে বলা হয়, মহামারির আগের বছরগুলোতে দেশটিতে স্থিতিশীলতা বজায় ছিল। ২০১৯ সালের জাতীয় গড় আয়ুর তুলনায় ২০২০ সালে তা এক বছর আট মাস কমে যায়। এর আগের বছরগুলোতেও দেশটিতে মানুষের গড় আয়ুর ইতিবাচক পরিবর্তন দেখা দেয়। ২০২০ সালে মার্কিনিদের গড় আয়ু দাঁড়ায় ৭৭ বছর।
রিপোর্টে আরও বলা হয়, কোভিড-১৯ ও দুর্ঘটনাবশত ড্রাগ ওভারডোজের কারণে মৃত্যুসংখ্যা অনেক বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের মানুষের গড় আয়ু কমে গেছে।
যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে নিউইয়র্কে ২০২০ সালে মানুষের গড় আয়ুর সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যায়। যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসের প্রথম ঢেউ চলাকালে নিউইয়র্কে এ ভাইরাস ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। এতে সেখানে বহু মানুষের মৃত্যু ঘটে। এ অঙ্গরাজ্যের মানুষের গড় আয়ু ২০১৯ সালের গড় আয়ু থেকে তিন বছর হ্রাস পেয়ে ২০২০ সালে তা ৭৭ দশমিক ৭ বছরে দাঁড়ায়।
অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়নবিষয়ক সংগঠনের পৃথক এক প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনাভাইরাস চলাকালে বিশ্বের উন্নত অধিকাংশ দেশের মানুষের গড় আয়ু কমে যেতে দেখা যায়।
