ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ওয়ার্ডে কৌশল্লা রানী বিশ্বাসের (৫৫) মৃত্যুর পর তার স্বজনারা কেউ সৎকারে এগিয়ে আসেননি।
গত ২০ জুলাই সদর উপজেলার কালীচরণপুর গ্রামের মাধব কুন্ডুর স্ত্রী করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। চার দিন চিকিৎসার পর শনিবার করোনায় তার মৃত্যু হয়। কৌশল্লা রানীর ছেলেল রাম প্রসাদ আক্ষেপ করে বলেন, তার মায়ের মৃত্যুর খবর শুনে আপন আত্মীয়রা সবাই দুরে চলে যায়। কেউ লাশটি নিতে আসেনি সহযোগিতার হাত বাড়ায়নি এতোটুকুও। এ অবস্থায় বিপদে পরে যায় রাম প্রসাদ।
তিনি কোনো উপায় না পেয়ে ছুটে যান ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন কতৃপক্ষের কাছে। সেখানে তিনি আহাজারি করতে থাকলে, ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মোঃ আব্দুল হামিদ খান খবর পেয়ে লাশ দাফন কমিটির সদস্যদের ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠান। সেখান থেকে লাশ বের করে সদর উপজেলার বদনপুর গ্রামের শম্মানে সৎকার ব্যবস্থা করেন।
উল্লেখ্য, ইসলামিক ফাউন্ডেশনের গঠিত লাশ দাফন কমিটি এ পর্যন্ত ১৪৯ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন করেছে।
