খেলাধূলা ডেস্ক :
কমনওয়েলথ গেমস থেকে দুঃসংবাদ দিলেন বাংলাদেশি বক্সার সুরকৃষ্ণ চাকমা। শুক্রবার (২৯ জুলাই) ফিজির এরিয়া রকবুলির সঙ্গে লড়াই করার কথা থাকলেও অসুস্থতার কারণে রিঙেই নামতে পারলেন না তিনি।
বার্মিংহামের মাস্টনগ্রিনে ন্যাশনাল এক্সিভিশন সেন্টারের চার নম্বর হলে দুদিন অনুশীলন করে রিঙে নামার প্রস্তুতিও নিয়েছিলেন সুর। শুক্রবার তিনি ছিটকে গিয়েছেন মেডিকেল টেস্ট করতে গিয়ে। তার রক্তচাপ বেশি পেলে গেমস কর্তৃপক্ষ তাকে আনফিট ঘোষণা করে।
সুরকৃষ্ণের ব্যাপারে বাংলাদেশ দলের চিকিৎসক ডা. শফিকুর রহমান বলেন, ‘আসলে এটা ওর দুর্ভাগ্য। ইভেন্টের দিন সকালে রুটিন মেডিকেল চেকআপে ওর উচ্চ রক্তচাপ ধরা পড়ে। এরপর ১৫-২০ মিনিট বিশ্রাম দিয়ে ফের পরীক্ষা করলেও প্রেশার বেশি আসে বলে ওকে খেলতে অনুমতি দেয়নি কর্তৃপক্ষ। পরে ওকে পলি ক্লিনিকে নিয়ে এলে সেখানকার চিকিৎসকরা পরীক্ষা করে খানিকটা বেশি পান।’
আক্ষেপ নিয়ে সুরকৃষ্ণ বলেন, ‘ঘুম থেকে উঠে নাশতা করে মেডিকেল টেস্ট যখন দিই, তখন কোনো সমস্যা হয়নি। অথচ প্রেশার মেপে ডাক্তাররা বেশি পায়। দ্বিতীয়বারের পরীক্ষায়ও বেশি এলে আমাকে খেলার অনুমতি দেয়নি। অথচ এর কিছুক্ষণ পরই আমার প্রেশার স্বাভাবিক হয়ে যায়। কোনো নার্ভাসনেস কাজ করেনি আমার মধ্যে। গত রাতে ভালো ঘুম না হওয়ার কারণেই হয়তো এমনটা হয়েছে।’
বাংলাদেশের টিম অফিশিয়াল মাসুদ বলেন, ‘দ্বিতীয়বারের মতো সুরকৃষ্ণ কমনওয়েলথ গেমস খেলতে এসেছিল। সাম্প্রতিক সময়ে ওর পারফরম্যান্স ভালো ছিল বলেই ওকে নিয়ে একটু আশা ছিল। তবে প্রেশার বেড়ে যাওয়ায় ওকে খেলতে দেয়া হয়নি।’
সূত্র: বাসস
