খেলাধূলা ডেস্ক :
শেন ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে স্তব্ধ পুরো ক্রিকেটবিশ্ব। অন্যদের মতো শোকে কাতর পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও। ওয়ার্নের মৃত্যুর পর তার চোখে নাকি ঘুমও আসছে না।
ওয়ার্নকে নিয়ে আকরাম বলেন, ‘চার-পাঁচ বছর আগে আমাদের মতো ৫০ জন ক্রিকেটার আমেরিকায় গিয়েছিলাম। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলস ও হিউস্টনে আমরা তিনটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলাম। সেখানে ওয়ার্নির ব্যাপক পরিচিতি ছিল। আমাদের খেলা থেকে শুরু করে থাকা-খাওয়া সব ব্যবস্থা নিজের হাতে করেছিল আমার বন্ধু। এখন প্রতি মুহূর্তে সেসব দিন খুব মনে পড়ছে। কিছুতেই ঘুমাতে পারছি না।’
ওয়াসিম যোগ করেন, ‘বাকি দুনিয়ার মতো আমিও অবাক হয়েছি! বাইশ গজের যুদ্ধের বাইরেও ওয়ার্নির সঙ্গে আমার নিবিড় যোগাযোগ ছিল। গত পাঁচ-ছয় বছরে আমাদের বন্ধুত্ব অন্য পর্যায়ে চলে গিয়েছিল। আমরা খুব কাছের বন্ধু হয়ে গিয়েছিলাম। সেটা অবশ্য আমার স্ত্রীর জন্য। তাই আরও খারাপ লাগছে। তা ছাড়া ওয়ার্নির মা-বাবার অনেক বয়স হয়েছে। ওদের কথা ভাবলে মনটা আরও খারাপ হয়ে যায়।’
থাইল্যান্ডের কোহ সামুইয়ে ৪ মার্চ মৃত্যুবরণ করেন ওয়ার্ন। তার বয়স হয়েছিল ৫২ বছর। তাৎক্ষণিক ফক্স স্পোর্টস জানায়, শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় পাওয়া যায়। ডাকলেও কোনো সাড়া দিচ্ছিলেন না তিনি। পরে জানা যায়, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান ওয়ার্ন। মৃত্যুর আগে তার রুমে কয়েকজন নারীর পদচারণাও ছিল।
লেগ স্পিনের জন্য বিশ্বব্যাপী ওয়ার্নের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। খেলুড়ে জীবন পার করেছেন প্রায় ১৫ বছর। এই সময়ে তিনি দেশের হয়ে টেস্টে সর্বোচ্চ ৭০৮ উইকেট নিয়েছেন, যা আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের দখলে।
১৯৯২ সালে টেস্টে অভিষেক হয় ওয়ার্নের। ওয়ানডেতে প্রথম তিনি জাতীয় দলের প্রতিনিধিত্ব করেন তার এক বছর পর। জাতীয় দলের হয়ে ওয়ার্ন সবশেষ ম্যাচটি খেলেছেন ২০০৭ সালে, ইংল্যান্ডের বিপক্ষে। টেস্টে মোট ১৪৫ ম্যাচ খেলেন তিনি। ওয়ানডেতে ১৯৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৯৩ উইকেট।
