জাতীয় ডেস্ক :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রথম নারী ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন।
আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীনকে ছাত্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। ২৫ নভেম্বর থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি সকল সুযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে অধ্যাপক ড. শেলীনা নাসরীন সময় নিউজকে বলেন, ‘নিয়োগের বিষয়টি আমাকে এখনও জানানো হয়নি। যোগদান করবো কি না ভেবে দেখবো।’
প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদুর রহমান মৃত্যুবরণ করেন। পরে দীর্ঘ ৯ মাস ধরে পদটি শূন্য ছিল।
