হোম আন্তর্জাতিক ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত: সতর্কতা জোরদার, সরিয়ে নেয়া হচ্ছে বাসিন্দাদের

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের সেমেরু আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত হয়েছে। অগ্ন্যুৎপাতের পর দেড় কিলোমিটার এলাকাজুড়ে ছাইয়ের কুণ্ডলী তৈরি হয়। এ ঘটনায় ওই এলাকা থেকে সাধারণ মানুষকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার (বিএনপিবি) এক বিবৃতিতে বলা হয়, পূর্ব জাভা প্রদেশের আগ্নেয়গিরির কাছে বসবাসকারী শিশু এবং বয়স্ক ব্যক্তিদের সরিয়ে নেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত ৯৩ জন বাসিন্দাকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।

বিএনপিবি এক বিবৃতিতে জানিয়েছে, রোববার (৪ ডিসেম্বর) স্থানীয় সময় রাত ২টা ৪৬ মিনিটে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে প্রায় ৬৪০ কিলোমিটার পূর্বে জাভার পূর্ব অংশে ওই আগ্নেয়গিরিতে প্রথম অগ্ন্যুৎপাত শুরু হয়। প্রকাশিত বেশ কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওই আগ্নেয়গিরির আশপাশের আকাশ ধূসর ছাইয়ের মেঘে আচ্ছন্ন হয়ে আছে।

এদিকে ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর সুনামি হতে পারে বলে আশঙ্কা করছে জাপান। এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, ‘সম্ভাব্য সুনামির’ ওপর সতর্ক নজর রাখছে জাপানের আবহাওয়া সংস্থা।

এর আগে শনিবার (৩ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির ভূপদার্থবিদ্যা সংস্থা বিএমকেজি জানিয়েছে, ভূমিকম্প শুরু হলে সেখানকার বাসিন্দারা ঘর থেকে বের হয়ে আসেন।

দেশটির রাজধানী জাকার্তায়ও কম্পন অনুভূত হয়, উৎপত্তিস্থল থেকে যার দূরত্ব ২০০ কিলোমিটার।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন