আন্তর্জাতিক ডেস্ক :
অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারানো ইমরান খান সোমবার (১১ এপ্রিল) প্রথমবারের মতো পার্লামেন্টে গেছেন। খবর জিয়ো নিউজের।
এদিন জাতীয় পরিষদের অধিবেশনে দেশটির নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কথা রয়েছে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান পার্লামেন্টে পৌঁছালে তার দলীয় আইনপ্রণেতারা স্লোগান দিতে থাকেন।
ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার প্রতিবাদে রোববার (১০ এপ্রিল) রাতে ব্যাপক বিক্ষোভ করে শক্তি প্রদর্শন করেন হাজারো পিটিআই সমর্থক।
এ ব্যাপারে ইমরান খান বলেন, ‘ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ হ্যায়’ (সম্মান দেওয়ার মালিক আল্লাহ)।
এদিকে জিয়ো নিউজের আরেক খবরে বলা হয়েছে, পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের আগে জাতীয় পরিষদের সদস্যপদ থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ইমরান খান।
অনাস্থা প্রস্তাবে গত শনিবার (৯ এপ্রিল) মধ্যরাতে বিদায় নেন পাকিস্তানের ২২তম এই প্রধানমন্ত্রী। নতুন নির্বাচনের আগে সরকার গঠন করতে যাচ্ছে বিরোধী দলগুলো। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সরকারের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নওয়াজের ছোট ভাই ও পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ। সোমবার (১১ এপ্রিল) চূড়ান্ত ফলাফল জানা যাবে। পিটিআই সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশিকে প্রধানমন্ত্রী মনোনীত করলেও তারা নির্বাচন বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে।
