বাণিজ্য ডেস্ক :
মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আরও ১০টি পণ্যের মানসনদ গ্রহণ বাধ্যতামূলক করেছে।
রোববার (১১ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই-এর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির সর্বোচ্চ নীতিনির্ধারণী কাউন্সিলরের ৩৭তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শিল্পমন্ত্রী ও বিএসটিআই কাউন্সিলের চেয়ারম্যান নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন সভায় সভাপতিত্ব করেন।
নতুন যে ১০টি পণ্য মানসনদের আওতায় আনা হয়েছে সেগুলো হলো: ডিসপোজেবল ডায়াপারস, ফেসওয়াস, পেট্রোলিয়াম জেলি, রুটি (ফ্ল্যাটব্রেড/টরটিলা), অ্যারোসল, গিজার, শেভিং ফোম/জেল, আই কেয়ার, হেয়ার ডাইস লিকুইড ও শু-পলিশিং লিকুইড।
বর্তমানে বিএসটিআই-এর বাধ্যতামূলক মানসনদের আওতাভুক্ত পণ্যের সংখ্যা ২২৯টি।
সভায় শিল্পমন্ত্রী বলেন, বিএসটিআই সবার জন্য একটি আস্থার জায়গা তৈরি করেছে। পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে আরও সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। অভ্যন্তরীণ বাজার এবং রফতানির ক্ষেত্রে পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং মানসম্মত পণ্য উৎপাদনে সহায়ক ভূমিকা রাখতে হবে।
বর্তমান বিশ্বে হালাল পণ্যের সার্টিফিকেশন একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিএসটিআইকে পণ্যের হালাল সার্টিফিকেশনের ক্ষেত্রে গুণগত মান ঠিক রেখে এগিয়ে যেতে হবে।
সভায় বিএসটিআই কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, দ্বিতীয় ভাইস চেয়ারম্যান শিল্পসচিব জাকিয়া সুলতানা, বিএসটিআই মহাপরিচালক ও কাউন্সিলের সদস্য সচিব আবদুস সাত্তার উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন বিএসটিআইয়ের মহাপরিচালক ও কাউন্সিলের সদস্যসচিব আবদুস সাত্তার।
জনগণের স্বার্থে প্রয়োজনে বিএসটিআইকে আরও কঠোর ভূমিকা পালন করার আহ্বান জানিয়ে কাউন্সিলের প্রথম ভাইস চেয়ারম্যান ও শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, ব্যবসায়ীরা করোনা মহামারিকে পুঁজি করে অতিরিক্ত মুনাফা করেছেন। তারা পণ্যে ভেজাল দিচ্ছে, সিন্ডিকেট করছে।
১৭ কোটি মানুষকে রক্ষায় বিএসটিআইকে দায়িত্ব নিতে হবে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় রেখে পণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআইকে কাজ করতে হবে।
এ ছাড়া সভায় শিল্প, স্বরাষ্ট্র, অর্থ, মৎস্য ও প্রাণিসম্পদ, বাণিজ্য, বস্ত্র ও পাট, তথ্য, কৃষি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, জ্বালানি ও খনিজসম্পদ, আইসিটি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তথ্য অধিদফতর, বাংলাদেশ টেলিভিশন, কৃষি গবেষণা কাউন্সিল, বিসিএসআইআর, আমদানি ও রফতানি নিয়ন্ত্রক, ইপিবি এবং এমসিসিআই, ক্যাবসহ কাউন্সিলের সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
কাউন্সিল সভা শেষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বিএসটিআইয়ের ৯১ জন নবনিযুক্ত কর্মকর্তার নিয়োগ, যোগদান এবং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সূত্র: বাসস
