জাতীয় ডেস্ক :
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফ্রিকায় আমাদের বিমান যায় না, তবে অন্য কোনো এয়ারলাইনসে সেদেশ থেকে আসলে তাদেরকে বোর্ডিং পাস দেওয়া হবে না। বোর্ডিং পাস যদি দিতেও হয়, তবে যারা ভ্যাকসিনের দুইটি ডোজ দিয়েছেন এবং যাদের টেস্ট রিপোর্ট নেগেটিভ তাদেরকে দেওয়া হবে এবং দেশে এসে তাদের ১৪ দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বৃ্হস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে সিলেটে সালুটিকর এলাকায় উন্নয়ন সহযোগী সংস্থা কেপ ফাউন্ডেশনের ‘অরফেন ভিলেজ’ এর উদ্বোধনকালে ওমিক্রন সতর্কতার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফ্রিকার আশপাশের দেশগুলোতে যারা আছেন, তাদেরকে দেশে ফেরার ক্ষেত্রে অনুৎসাহিত করার জন্য অথবা এখন দেশে না এসে পরে আসার জন্য সবগুলো মিশনকে বলে দেওয়া হয়েছে। তবে বাংলাদেশ প্রস্তুত, এটা সমস্যা হবে না বলেও জানিয়েছেন তিনি।
আরেক প্রশ্নের জবাবে ভারতের প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রধান অতিথি হিসেবে যোগদানের বিষয়টি এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, ১০ ডিসেম্বর ভারতীয় পররাষ্ট্র সচিব আসবেন। তার সফরের পর এই বিষয়টি জানা যাবে।
এর আগে দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সংক্ষিপ্ত সফরে বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বিকেলে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে অরফেন ভিলেজ স্থাপনের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, ক্যাপ ফাউন্ডেশনের সিইও মো. আব্দুল নূর, চ্যানেল এস এর চেয়ারম্যন আহমেদুস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।
