হোম জাতীয় আইন না মানলে জেল-জরিমানা: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক :

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে সংক্রমণ তীব্র গতিতে বাড়ছে। গতকাল দেশে আক্রান্ত ছিল আড়াই হাজার, আজ সেটি হয়ে গেছে তিন হাজার। বুঝতেই পারছেন সংক্রমণ কীভাবে বাড়ছে।

বুধবার (১২ জানুয়ারি) বিকেলে রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, এক সপ্তাহ আগেও হাসপাতালগুলোতে গড়ে রোগী আড়াইশ’র মতো রোগী ছিল, এখন হাজার হয়েছে। যা আরও বাড়বে। এতে করে মৃত্যুও বাড়বে। আবারও চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হবে। এটা বাড়লে বেকায়দায় পড়তে হবে।

তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সরকার ১১ দফা নির্দেশনা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এগুলো বাস্তবায়ন শুরু হয়ে যাবে। তার মধ্যে অন্যতম হচ্ছে ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক সভা সমাবেশ সীমিত এবং বন্ধ করা, নিরুৎসাহিত করা। কর্মক্ষেত্রে মাস্ক পরতে হবে, মাস্ক না পরলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হবে এবং জেল পর্যন্ত হতে পারে। দোকানপাটও ৮টার মধ্যে বন্ধ হয়ে যাওয়ার বিষয় রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, গণপরিবহনে যারা যাতায়াত করবেন, তাদেরকেও মাস্ক পরতে হবে। মাস্ক ছাড়া কেউ গণপরিবহনে উঠবেন না, এমন নির্দেশনা রয়েছে। বিভিন্ন ধরনের পর্যটনকে নিরুৎসাহিত করা হচ্ছে, বিভিন্ন ধরনের ভিড় এড়িয়ে যেতে হবে। যারা বিভিন্ন কাজে কর্মে বাইরে যান, তাদের মাস্ক পরা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন