হোম অর্থ ও বাণিজ্য অর্থায়ন গুটিয়ে বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে উচ্ছ্বসিত, জানাল অভিনন্দন

বাণিজ্য ডেস্ক :

এখন আর বছর, দিন বা ঘণ্টা নয়। আর মাত্র কয়েক মিনিট। তারপরই দ্বার খুলবে দেশের সবচেয়ে বড় অহংকার স্বপ্নের ‘পদ্মা সেতু’। এই সেতু নির্মাণ করায় বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক।

বাংলাদেশ ও ভুটানের দায়িত্বে নিয়োজিত সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মার্সেই মিয়াং টেমবন শনিবার (২৫ জুন) সকালে এ অভিনন্দন বার্তা পাঠান। তিনি বলেন, বাংলাদেশ ও বিশ্বব্যাংকের সম্পর্ক এগিয়ে নেয়ার সময় এখনই। পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে বিশাল অবদান রাখবে।

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর গণমাধ্যমে বলেছেন, ‘বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সঙ্গী হিসেবে বিশ্বব্যাংক স্বীকার করে যে, পদ্মা সেতু বাংলাদেশের জনগণ ও অর্থনীতির জন্য বহুমাত্রিক সুবিধা বয়ে আনবে। এই সেতু দেশে সমন্বিত প্রবৃদ্ধি অর্জনে গতি সঞ্চার এবং দারিদ্র্য কমাতে ভূমিকা রাখবে।’

যদিও পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয়ার পর দুর্নীতির ভিত্তিহীন অভিযোগ তুলে অর্থায়ন গুটিয়ে নিয়েছিল এই বিশ্বব্যাংক। সেই সংস্থাটি নিজেই এখন এই সেতুর বিপুল সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত।

এদিকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ভারত সরকার। শুক্রবার (২৪ জুন) ঢাকায় ভারতের হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, যুগান্তকারী এই প্রকল্পের সফল সমাপ্তিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী কর্তৃক পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে ভারতের সরকার ও জনগণ বাংলাদেশের সরকার ও জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছে।

পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে অভিনন্দন জানিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, ‘পদ্মা সেতু আমার কাছে সাহসের একটি প্রতীক, আজ সেতুটি শুধু বাস্তবায়নই হয়নি, বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এর শতভাগ নির্মিত হয়েছে। এতে প্রতীয়মান হয় যে যদি সাহসের কোনো সীমা না থাকে, তবে আকাশ তার সীমা।’

অন্যদিকে পদ্মা সেতুকে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সংযোগের উন্নয়নে বাংলাদেশের নেতৃত্বের আরেকটি উদাহরণ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন