হোম আন্তর্জাতিক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা, দুর্ঘটনায় পড়লেন ধরা

আন্তর্জাতিক ডেস্ক :

মেক্সিকোর পূর্বাঞ্চল থেকে ৩৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে বহনকারী একটি কার্গো ট্রাক সড়ক দুর্ঘটনার কবলে পড়লে সেটির ভেতর থেকে তাদেরকে উদ্ধার করা হয়। মধ্য আমেরিকার ওই অভিবাসনপ্রত্যাশীরা সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিলেন বলে জানিয়েছে মেক্সিকো কর্তৃপক্ষ।

দুর্ঘটনাকবলিত কার্গো ট্রাকের ভেতর থেকে একে একে বেরিয়ে আসছেন অভিবাসনপ্রত্যাশীরা। জীবনের ঝুঁকি নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টার সময় সড়ক দুর্ঘটনার কবলে পড়েন তারা।

স্থানীয় সময় মঙ্গলবার মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ প্রদেশের সীমান্তবর্তী নোগালেস অঞ্চলের একটি মহাসড়কে অভিবাসন প্রত্যাশীবাহী ওই কার্গো ট্রাকটি রাস্তার পাশের দেয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। পরে ট্রাকের ভেতর থেকে ৮ শিশুসহ মধ্য আমেরিকার বিভিন্ন দেশের ৩৮ নাগরিককে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার কবলে পড়লেও এ ঘটনায় মারা যাননি কেউ। তবে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

অভিবাসনপ্রত্যাশীদের সবাই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছিল বলেও নিশ্চিত করেছে মেক্সিকো পুলিশ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ট্রাক চালক।

এরইমধ্যে, দুর্ঘটনাকবলিতদের উদ্ধার করে মেক্সিকোর অভিবাসন সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। আইনগত বিষয়গুলো পর্যালোচনা করে পরবর্তীতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

যুক্তরাষ্ট্রে প্রবেশের লক্ষ্যে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিনই মেক্সিকো সীমান্ত পাড়ি দিচ্ছেন বহু অভিবাসনপ্রত্যাশী। এদের মধ্যে মধ্য আমেরিকার নাগরিকই বেশি। মূলত দারিদ্রতা, সহিংসতা আর প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচতে, উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রমুখী অভিবাসনপ্রত্যাশীদের এই ঢল বলে মনে করেন বিশ্লেষকরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন